ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৪২

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৫:৪৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। সেপ্টেম্বরের ২৯ দিনেই ১৪২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৬৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৭২ হাজার ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৭৫১ জন।

পিএস