বিশ্ববাজারে আবারও উর্ধ্বমূখী স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:০৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: সাম্প্রতিক কয়েকটি সেশনে মূল্যবান ধাতু স্বর্ণের দাম বাজারে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত সপ্তাহে স্বর্ণ ও রুপা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়ে। তার আগের সপ্তাহেই মূল্যবান এই ধাতু রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.৬% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯৪.৯৯ ডলারে দাঁড়ায়, যদিও এর আগে সেশনের সর্বনিম্ন ৪ হাজার ৬৫৪.২৯ ডলারে নেমে গিয়েছিল। একই সময়ে রুপার দাম ৫.৫% বেড়ে ৭৫.১৫ ডলার হয়, যা এর আগে প্রায় দুই মাসের সর্বনিম্ন ৬৩.৯৯ ডলারে নেমে গিয়েছিল।

এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৪% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০৫.৮ ডলারে দাঁড়াল, অন্যদিকে রুপার ফিউচার্স ৩% কমে ৭৪.৪৬ ডলারে নেমেছে।

এদিকে বিশ্বের সবচেয়ে বড় পণ্য এক্সচেঞ্জ সিএমই গ্রুপ স্বর্ণ ও রুপার ফিউচার্স চুক্তির মার্জিন প্রয়োজনীয়তা আবারও বাড়িয়েছে। মূল্যবান ধাতুর বাজারে তীব্র অস্থিরতার কারণে ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্জিন হলো সেই অর্থ জমা, যা ফিউচার্স বাজারের বিনিয়োগকারীরা কোনো ডিফল্টের ঝুঁকি মোকাবিলার জন্য এক্সচেঞ্জ বা ক্লিয়ারিং হাউসের কাছে জমা রাখে। সাধারণত বাজারে দামের অস্থিরতা বাড়লে ঝুঁকি কমাতে এক্সচেঞ্জগুলো মার্জিন বাড়িয়ে দেয়।

সিএমই গ্রুপ বৃহস্পতিবার জানায়, নন-হাইটেন্ড রিস্ক প্রোফাইল (Non-HRP) অ্যাকাউন্টের জন্য COMEX 100 গোল্ড ফিউচার্সের প্রাথমিক ও রক্ষণাবেক্ষণ মার্জিন ৮% থেকে বাড়িয়ে ৯% করা হয়েছে।

এছাড়া COMEX 5000 সিলভার ফিউচার্সের প্রাথমিক ও রক্ষণাবেক্ষণ মার্জিন ১৫% থেকে বাড়িয়ে ১৮% করা হয়েছে। এই নতুন হারগুলো শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ব্যবসা শেষ হওয়ার পর কার্যকর হবে।

গত ১৩ জানুয়ারি থেকে মার্কিন এক্সচেঞ্জ অপারেটর সিএমই স্বর্ণ, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মার্জিন চুক্তির মোট মূল্যের শতাংশ হিসেবে নির্ধারণ করছে। এর আগে মার্জিন নির্ধারণ করা হতো নির্দিষ্ট ডলার অঙ্কের ভিত্তিতে।

মার্জিন নির্ধারণের পদ্ধতি পরিবর্তনের পর থেকে সিএমই এখন পর্যন্ত তিনবার মার্জিন বাড়িয়েছে।

পিএস