আরও উচ্চতায় স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: বুধবারের পর বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তা নিরাপদ আশ্রয় হিসেবে ধাতুটির চাহিদা বাড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে সূত্রে জানা যায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৮২.১৮ ডলারে পৌঁছায়। তবে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৫% কমে ৫ হাজার ১৯৮.৭০ ডলারে দাঁড়ায়।

ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিঃবিশ্লেষক কার্লো আলবার্তো ডে কাসা বলেন, “ইরান–যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং (প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পের শুল্ককে ঘিরে বৈশ্বিক অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা—এসবই বাজারে ঊর্ধ্বমুখী প্রভাবক হিসেবে কাজ করছে।”

সুদবিহীন স্বর্ণকে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ মূল্য সংরক্ষণ মাধ্যম হিসেবে দেখা হয়।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বুধবার জানান, কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের শুল্কহার নতুন আরোপিত ১০% থেকে বেড়ে ১৫% বা তার বেশি হবে। তবে তিনি কোনো নির্দিষ্ট বাণিজ্য অংশীদারের নাম বা অতিরিক্ত বিবরণ দেননি।

২৯ জানুয়ারি স্বর্ণের দাম রেকর্ড উচ্চতা ৫,৫৯৪.৮২ ডলারে পৌঁছায় এবং এ বছর এখন পর্যন্ত প্রায় ২০% বৃদ্ধি পেয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও স্পট মার্কেটে সিলভারের দাম ২.২% কমে প্রতি আউন্স ৮৭.৪৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম অপরিবর্তিত থেকে ২ হাজার ২৮৬.৪৪ ডলারে ছিল। আর প্যালাডিয়ামের দাম ১.৩% কমে ১ হাজার ৭৭২.২৫ ডলারে দাঁড়ায়।

পিএস