অস্থির বিশ্বে নিরাপদ স্বর্ণ, বেড়েছে দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:২৫ এএম
ফাইল ছবি

ঢাকা: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হামলা চালিয়ে দেশেটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছে। এতে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা গভীর হয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগের চাহিদায় সোনার দাম বেড়েছে বিশ্ববাজারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৩৭% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৪৯.৪৪ ডলারে দাঁড়ায়, যা চার সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। সেশনের শুরুর দিকে বুলিয়নের দাম সর্বোচ্চ ২% পর্যন্ত বেড়েছিল।

মার্কিন স্বর্ণ ফিউচার ২.২১% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৬২.৬০ ডলারে পৌঁছায়।

রোববার ইসরায়েল তেহরানে নতুন করে হামলা চালায় এবং এর জবাবে ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। খামেনি নিহত হওয়ার একদিন পরই এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক অর্থনীতি আরও অনিশ্চয়তার মুখে পড়ে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, “এই সংঘাতের আগের উত্তেজনার তুলনায় এবার উভয় পক্ষেরই আরও উত্তেজনা বাড়ানোর যথেষ্ট প্রণোদনা রয়েছে। যা কয়েক দিনের বেশি সময় ধরে বিশৃঙ্খল, অনিশ্চিত এবং অস্থির পরিবেশ তৈরি করতে পারে। সোনার জন্য এই পরিস্থিতি বেশ ইতিবাচক।”

তবে মার্কিন ডলার সূচক ০.২৭% বেড়েছে, ফলে বিদেশি ক্রেতাদের জন্য সোনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে এবং ধাতুটির মূল্যবৃদ্ধি সীমিত হয়।

নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত বুলিয়ন এ বছর ইতোমধ্যে টানা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির কারণে।

স্বর্ণের দাম বাড়লেও স্পট মার্কেটে সিলভারের দাম ০.৩% কমে প্রতি আউন্স ৯৩.৫৪ ডলারে নেমে আসে। 

আর স্পট মার্কেটে প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ২ হাজার ৩৬৩.২৬ ডলারে ছিল। আর প্যালাডিয়াম ০.৮৬% বেড়ে ১ হাজার ৮০১.৫০ ডলারে পৌঁছায়।

পিএস