মোজতবা খামেনি আহত, যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৪২ পিএম
ফাইল ছবি

ঢাকা: মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, আমি শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। এ বিষয়ে কিছু পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছেন।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ বলে উল্লেখ করলেও তার আঘাতের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। এরপর গত রোববার আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। তবে তিনি এখন পর্যন্ত জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে যদিও নিউইয়র্ক টাইমস তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মোজতবা খামেনি কিছু আঘাত পেয়েছেন। যার মধ্যে তার পায়েও আঘাত রয়েছে। তবে তিনি সচেতন অবস্থায় আছেন এবং সীমিত যোগাযোগ ব্যবস্থাসহ অত্যন্ত নিরাপদ একটি স্থানে অবস্থান করছেন।

পিএস