শৌচাগার বদলে দিলো তরুণের ভাগ্য

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: অনেকটা সময় ব্যয় করেছেন চাকরির আশায়। কিন্তু শেষ পর্যন্ত চাকরি না পেয়ে যুক্তরাষ্ট্রের এক তরুণ ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন। দেশটির ফিলাডেলফিয়ার অঞ্চলের তরুণ নিক গ্রিনাওয়াল্ট নিজের শৌচাগারের কমোডকে বিজ্ঞাপনের জায়গা হিসেবে ভাড়া দিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন এবং লক্ষাধিক ডলার আয় করছেন।

নিক গ্রিনাওয়াল্ট তার ধারণাটি প্রথমে মজার ছলে শুরু করলেও পরে সেটি ব্যবসায়িক উদ্যোগে রূপ নেয়। তিনি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লিখেন, আমার শৌচাগার থেকে ১০ লাখ ডলার আয়ের চেষ্টা করছি।

তার এই অদ্ভুত বিজ্ঞাপন আইডিয়ায় অংশ নিয়েছে একাধিক বড় ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে পরিচিত ক্লিনিং ও হাইজিন পণ্য কোম্পানি ক্লোরক্স, পাইন-সল এবং মিরালাক্স। পাশাপাশি গ্রুমিং ব্র্যান্ড ডক্টর স্কোয়াচ ও বিজ্ঞাপনের জায়গা কিনেছে।

এছাড়া ক্রিপ্টো পেমেন্ট প্রতিষ্ঠান মুনপে দাবি করেছে, মাত্র স্বল্প খরচে (বার্ষিক বিপণন বাজেটের প্রায় ০.০৫ শতাংশ) এই ক্যাম্পেইন চালিয়ে তারা প্রায় ১০ লাখ ভিউ, নতুন অ্যাপ ডাউনলোড এবং এক হাজারের বেশি নতুন অনুসারী পেয়েছে।

নিকের এই ভিডিওগুলোর মধ্যে একটি চার কোটি এবং অন্যটি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক ব্যবহারকারী তার সৃজনশীল চিন্তাভাবনার প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটিকে আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের অপ্রচলিত কিন্তু কার্যকর উদাহরণ হিসেবে দেখছেন।

পিএস