ঈদের নামাজ নিয়ে নতুন নির্দেশনা দিল আমিরাত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৯:৫৮ এএম
ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে এবার ঈদের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই আদায় করতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া জানানো হয়েছে, দেশের সব মসজিদ ঈদের জামাতের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

কর্তৃপক্ষ সাধারণ জনগণকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সহযোগিতার মাধ্যমে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন করার অনুরোধ করেছে।

পিএস