ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় সোনার দাম প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছ। কারণ যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তেলের দাম ও ডলারের মান তীব্রভাবে কমে গেছে এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বুধবার স্পট মার্কেটে সোনার দাম ১.৭% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৮৩.৭৮ ডলারে দাঁড়ায়। এর আগের সেশনে সোনার দাম ৩% এরও বেশি বেড়ে ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
মার্কিন স্বর্ণ ফিউচার (জুন ডেলিভারি) ২.৭% বেড়ে ৪ হাজার ৮১২.৬০ ডলারে পৌঁছায়।
ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, শর্ত হলো ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে তেল ও গ্যাস সরবরাহে অবরোধ স্থগিত করবে।
এই ঘোষণার মাঝেই বুধবার ইরানের লাবান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়।
এই খবরে তেলের দাম ১৩% এর বেশি কমে প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমে আসে। আর ডলারের মান এক মাসের সর্বনিম্নে নেমে যায়।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “দুর্বল ডলার সোনার দামকে সমর্থন দিচ্ছে, পাশাপাশি কম তেলের দাম, কম মুদ্রাস্ফীতি এবং যুদ্ধবিরতির ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশাও সোনাকে শক্তিশালী করছে।”
সোনার সঙ্গে স্পট সিলভার ৫.৬% বেড়ে প্রতি আউন্স ৭৭.০২ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনাম ৫.১% বেড়ে ২ হাজার ০৫৮.১০ ডলার এবং প্যালাডিয়াম ৪.৫% বেড়ে ১ হাজার ৫৩৬.৩০ ডলারে দাঁড়িয়েছে।
পিএস