বাংলাদেশি কোম্পানির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৪৭ এএম

রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জন্য বিদেশি নাগরিকদের নিয়োগে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য ৩৫ জন ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডও রয়েছে।

যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান উন্নত জীবনের আশায় থাকা মানুষদের প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। অনেককে ড্রোন ও সামরিক কারখানায় কাজ করানো হচ্ছে। ড্রিম হোম 

ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশে চাকরির সুযোগ দেখিয়ে লোকজনকে রাশিয়ায় পাঠাতে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটি মূলত বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা ও ট্যুর প্যাকেজ প্রদান করে থাকে।

নিষেধাজ্ঞার আওতায় আরও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসেছে, যারা রাশিয়ার ড্রোন উৎপাদন ও সামরিক সরঞ্জাম সরবরাহ বা মানবপাচারে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি বলেছেন, “অসহায় মানুষদের শোষণ করে যুদ্ধ চালানো বর্বরোচিত। আমরা মানবপাচারকারী ও অবৈধ অস্ত্র সরবরাহকারীদের কার্যক্রম ব্যাহত করতে চাই।”

ব্রিটিশ সরকার জানিয়েছে, এটি প্রথমবার ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্রাফিকিং ইন পারসনস’ আইনের আওতায় নেওয়া পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব।

এম