ঢাকা: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় এ পতন দেখা যায়। মঙ্গলবার (১২ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষকদের তথ্যমতে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭০৫.৯৯ ডলারে নেমে এসেছে। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৭১৪.৫০ ডলারে দাঁড়ায়।
এদিকে ইরান ইস্যুতে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি “লাইফ সাপোর্টে” রয়েছে। পাশাপাশি তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাজারে উদ্বেগ বাড়ে।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক আরও কড়া মুদ্রানীতির দিকে ঝুঁকছে। ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে চলতি বছরে সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেছে।
তিনি জানান, বিনিয়োগকারীদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে। প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা গেলে ফেড সুদের হার দীর্ঘ সময় উচ্চ রাখতে পারে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে এবং ডলার আরও শক্তিশালী হয়েছে। বিশ্লেষকদের মতে, তেলের উচ্চ মূল্য মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে, যা সুদের হার বাড়িয়ে রাখতে ভূমিকা রাখবে। এতে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ কমেছে, প্লাটিনাম ২.৩ শতাংশ এবং প্যালাডিয়াম ১.৮ শতাংশ কমেছে।
পিএস