যুক্তরাষ্ট্রের আইডাহোতে এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর পরপরই বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে। তবে উভয় বিমানের পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত গানফাইটার স্কাইজ এয়ার শোতে এ ঘটনা ঘটে। আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর স্থানীয় সহযোগী চ্যানেল কোমো নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়। বিমানে থাকা চারজন ক্রুই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই যুদ্ধবিমান আকাশে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। পরে মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। একই সময় চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর এয়ার শো বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে।
এম