যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:০৬ এএম
ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে জোর দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ফের খুলে দেওয়া ও যুদ্ধবিরতির একটি ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রোববার (২৭ সেপ্টেম্বর) ইরান এই অবস্থান পুনর্ব্যক্ত করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি ইরানের দেওয়া শর্ত পূরণের ওপর নির্ভর করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কাতারভিত্তিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিনদের কাছে পাঠানো এই প্রস্তাবে সাত দিনের যুদ্ধবিরতি এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ ছিল। তবে ট্রাম্প দাবি করেন, যুদ্ধে শোচনীয় অবস্থায় পড়ে বাধ্য হয়ে ইরান এই প্রস্তাব দিয়েছে। তিনি ব্যক্তিগতভাবে এই প্রস্তাব নিয়ে সন্দিহান এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ফের বোমাহামলার ইঙ্গিত দিয়েছেন।

[276117]

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যে বললেও মধ্যস্থতাকারীরা আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানাননি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে তারা যুদ্ধ চান না এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত, তবে আমেরিকার কোনো ‘ধমক বা জবরদস্তি’ মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেল পরিবহন ব্যাহত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

এসআই