১৭৪ যাত্রীর প্রাণ বাঁচিয়ে বিশ্বজুড়ে বীরের উপাধি পাওয়া কে এই পাইলট

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১০:৫১ এএম

মাঝআকাশে সহকর্মী পাইলটের অকস্মাৎ ছুরি হামলা ও রক্তাক্ত জখম—এমন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অসীম সাহসিকতা ও পেশাদারত্বের পরিচয় দিলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। নিজের জীবন বাজি রেখে ফ্লাইদুবাই-এর এই অভিজ্ঞ ক্যাপ্টেন ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন, যার মধ্যে ২৭টি নিষ্পাপ শিশুও ছিল। তার এই অসাধারণ বীরত্ব এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

ককপিটে অকল্পনীয় ঘটনা

প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর এফজেড১০৭৩ (FZ1073) ফ্লাইটটিতে বুধবার ককপিটের ভেতরই হামলার এই ঘটনা ঘটে। বিমানটিতে থাকা ১৭৪ জন যাত্রীর মধ্যে ১৬৬ জনই ছিলেন ইসরায়েলি নাগরিক। উড্ডয়ন তথ্যে দেখা যায়, ককপিটে হট্টগোল ও সংঘর্ষের সময় বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করেছিল। তবে স্মিত মাচ্ছারের দৃঢ়তা এবং পরবর্তীতে বিমানের ক্রু ও যাত্রীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি জরুরি ও নিরাপদে অবতরণ করানো হয়। ফ্লাইদুবাই নিশ্চিত করেছে, বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সম্পূর্ণ সুরক্ষিত আছেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছেড়ে আকাশের স্বপ্নে

স্মিত মাচ্ছারের জীবনধারা কিন্তু সবসময় বিমানের ককপিট কেন্দ্রিক ছিল না। পারিবারিক সূত্রে জানা যায়, তার ভবিষ্যৎ নির্ধারিত ছিল পারিবারিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যবসায়। সেই অনুযায়ী স্কুল শেষ করে তিনি টেক্সটাইল ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন।

তবে ১৯ বছর বয়সে একটি বিমান চলাচলবিষয়ক (অ্যাভিয়েশন) সেমিনারে অংশ নেওয়াটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আকাশে ওড়ার অপ্রতিরোধ্য স্বপ্ন চেপে বসে তার মনে। মায়ের কিছুটা দ্বিধা থাকলেও বাবার পূর্ণ সমর্থনে তিনি নিজের লক্ষ্যে অবিচল থাকেন। পরবর্তীতে নিউজিল্যান্ড থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জন করেন এবং ভারতের হরিয়ানার এফএসটিসি থেকে বোয়িং ৭৩৭ বিমান চালনার টাইপ রেটিং সম্পন্ন করেন।

১৩ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ক্যারিয়ার

আকাশপথে ক্যাপ্টেন স্মিত মাচ্ছার এক অত্যন্ত সুপরিচিত নাম। বোয়িং ৭৩৭ বিমান উড্ডয়নে তার রয়েছে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা। একজন দক্ষ ‘লাইন ট্রেনিং ক্যাপ্টেন’ হিসেবে আকাশে ৯,৭৫০ ঘণ্টারও বেশি সময় বিমান চালনার রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

২০১১ সালে ভারতের জনপ্রিয় বিমান সংস্থা ‘স্পাইসজেট’-এ পেশাদার জীবন শুরু করেন স্মিত। সেখানে টানা ১০ বছর জ্যেষ্ঠ কমান্ডার ও ট্রেনিং ক্যাপ্টেনের দায়িত্ব সামলানোর পর ২০২২ সালের জুনে তিনি ‘ফ্লাইদুবাই’-এ ‘ডিরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন’ হিসেবে যোগ দেন। গত চার বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে মধ্যপ্রাচ্যের এই সংস্থায় কাজ করছেন। কাকতালীয়ভাবে, তার ছোট ভাইও সম্প্রতি ফ্লাইদুবাই-তেই পাইলট হিসেবে যোগ দিয়েছেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফ্লাইদুবাই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হামলার কারণ বা উদ্দেশ্য নিয়ে কোনো ধরনের মন্তব্য বা অনুমানে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এম