শক্তিশালী মার্কিন ডলারের চাপ ও সুদের হার বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। ডলারের মান বাড়ায় এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে ধাতুটির দাম প্রায় ১ শতাংশ কমেছে।
বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২২ ডলার ৭৩ সেন্টে নেমে এসেছে। একই সময়ে ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৯ ডলারে। বাজারে মার্কিন ডলার সূচক ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে কেনাবেচা হওয়া স্বর্ণ আগের চেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে।
বিনিয়োগকারীদের দৃষ্টি এখন ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। নীতিনির্ধারকেরা সুদের হার বাড়ানোর বিষয়ে কী ভাবছেন, তা অনুধাবনের চেষ্টা করছেন বাজার বিশ্লেষকরা। সাধারণত সুদের হার বাড়লে কোনো সুদ বা নির্দিষ্ট আয় না দেওয়া স্বর্ণের মতো সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়, যা স্বর্ণের মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলে।
আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দুর্বল কর্মসংস্থান তথ্যের পর অক্টোবরে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা থাকলেও ডিসেম্বরে তা বাড়ানোর জোর ইঙ্গিত রয়েছে।
কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন, তবে সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডালি মূল কারণগুলো পর্যালোচনা করে সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন।
তবে মূল্যস্ফীতি ও বিশ্বরাজনীতির ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং চীনসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনার কারণে বিশ্ববাজারে এর দরপতন কিছুটা বাধার মুখে পড়তে পারে। চীনের কেন্দ্রীয় ব্যাংক সরকারিভাবে টানা ২৩ মাস ধরে স্বর্ণ কেনার ধারা বজায় রেখেছে।
একই দিনে আন্তর্জাতিক বাজারে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। স্পট সিলভারের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ ডলার ৩৬ সেন্টে অবস্থান করছে।
অন্যদিকে ইতালিতে অনুষ্ঠিত লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা আগামী এক বছরে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৩ ডলারে পৌঁছাতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এসএইচ