কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের চোরবাজার সার্বজনিন পূজা প্যান্ডেলে গতকাল রাতে ঘটে মর্মান্তিক ঘটনা। যা রাজ্যটির অন্যতম বড় উৎসবে নিয়ে এসেছে বিষাদের ছায়া।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ১৪ জন নারী ও এক শিশু রয়েছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে এ মর্মান্তিত ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চোরবাজার সার্বজনিন পূজা প্যান্ডেল নামে ওই প্যান্ডেলটিকে এ বছর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তিন ‘সেরার সেরা’ প্যান্ডেল হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেখানেই ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।

[277106]

ঘটনার সময় সেখানে হঠাৎ করে বৃষ্টি নামে। এতে করে ধারণ ক্ষমতার চেয়ে অনেক মানুষ প্যান্ডেলের ভেতর আশ্রয় নেন। বৃষ্টির কারণে এ সংখ্যা বাড়তে থাকলে সেখানে চাপাচাপি পরিস্থিতি সৃষ্টি হয়। তখনই ঘটে ভয়াবহ পদদলনের ঘটনা। তখন অনেকে জ্ঞান হারান। এরমধ্যে তাদের হাসপাতালে নিতে নিতে ১৯ জনের প্রাণ চলে যায়।

স্থানীয় বাসিন্দা ও যারা প্রথম উদ্ধারকাজ চালিয়েছেন তারা জানিয়েছেন, সেখানে জনসমাগম নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমনকি পর্যাপ্ত পুলিশ ও ভলান্টিয়ারও ছিল না।

সেখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার ঘটনার পরপর হাসপাতালে ছুটে যান এবং আহত নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনিও এ ঘটনার জন্য পূজা আয়োজক কমিটিকে দায়ী করেছেন। একইসঙ্গে অন্যান্য প্যান্ডেলগুলোকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছেন।

তিনি জানিয়েছেন, ওই প্যান্ডেল কমিটির একটি ঘোষণার কারণে পদদলনের ঘটনার সূত্রপাত হয়। হাসপাতালে ২৫ জন ভর্তি আছে উল্লেখ করে তিনি বলেছেন, একজন বাদে সবাই ভালো আছেন।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ও ডি গ্রেডের একটি সরকারি চাকরি এবং আহতদের ৫ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু।

সূত্র : টাইমস অব ইসরায়েল

এসআই