ইরানের ২৩০ কোটি ডলারের গোপন অস্ত্র নেটওয়ার্কে জড়িত ৫ হাজার প্রতিষ্ঠান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৮:২৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আমদানি করতে ৫ হাজারের বেশি প্রতিষ্ঠানের একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকশ কোটি ডলারের সরঞ্জাম আমদানি করেছে তেহরান। এমন সময় এই তথ্য সামনে এল, যখন ইরান দাবি করছে, আগের যুদ্ধগুলোর তুলনায় বর্তমানে তাদের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেশি শক্তিশালী।

[277805]

রয়টার্সের হাতে আসা জাহাজ চলাচল ও পণ্য পরিবহনের রিপোর্ট বিশ্লেষণে দেখা গেছে, নেটওয়ার্কের একটি প্রতিষ্ঠানই ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২৩০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও সংশ্লিষ্ট পণ্য আমদানি করেছে। 

আমদানি করা পণ্যের মধ্যে ছিল রকেটের জ্বালানি তৈরির উপাদান, উড়োজাহাজের যন্ত্রাংশ, শিল্পকারখানার ভারী যন্ত্রপাতি এবং শত শত ভারী ট্রাক। এসব ট্রাক প্রয়োজন অনুযায়ী সামরিক কাজে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব।

এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদরেজা আরেফ দাবি করেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে রয়েছে এবং দেশটির প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বৃহস্পতিবার তিনি বলেন, 'হরমুজ প্রণালি এখন শত্রুর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান খুব সহজেই এটি নিয়ন্ত্রণ করছে। হরমুজ প্রণালি আমাদের, আর এ বিষয়ে দেশের কৌশলগত অবস্থান ও পরিকল্পনা আরও স্পষ্ট হবে।'

তিনি আরও বলেন, 'বর্তমানে আমাদের প্রতিরক্ষার প্রস্তুতি আগের দুটি ১২ দিনের ও ৪০ দিনের যুদ্ধের সময়ের তুলনায় অনেক বেশি উন্নত ও শক্তিশালী।'

ইরানের ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নতুন করে জোরদার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরেক দফা সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও চলছে।

রয়টার্সের অনুসন্ধানে উঠে আসা গোপন সামরিক সরবরাহ নেটওয়ার্কের তথ্য ইঙ্গিত দিচ্ছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহের সক্ষমতা ধরে রাখতে নানা কৌশল ব্যবহার করছে ইরান।

এসআই