রায় প্রত্যাখ্যান মিয়ানমারের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:১২ এএম
ছবি ; সংগৃহীত

ঢাকা: মিয়ানমারে জেনোসাইডের  লক্ষ্যে  রোহিঙ্গা গণহত্যা চালানো হয় বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ওই রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জেনোসাইড চালিয়েছে।

গতকাল শুক্রবার মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা এই রায়কে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন।
সরকারি মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আইসিজের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন আন্তর্জাতিক আদালত। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর এই রায় এলো।

মিয়ানমারের রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে খাইং খাইং সোয়ে বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়; এটি ন্যায়সংগত নয়।’

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিতে ক্রমবর্ধমান সহিংসতার মুখোমুখি হচ্ছে।

রায়ে বলা হয়েছে, মিয়ানমার যে অপরাধগুলো করেছে, এ জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য (ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে)।

মিয়ানমারের ‘অন্যায় কর্মকাণ্ডের’ ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের’ সুযোগও তাদের করে দিতে হবে।

বাংলাদেশে বিশাল শরণার্থী শিবিরে বসবাসরত হাজার হাজার রোহিঙ্গা এই রায়কে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে তাঁরা ঠিক কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আইসিজের দেওয়া রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষেত্রে আদালতের হাতে সুযোগ খুব সীমিত।

আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ‘ইন দিন’ গ্রামে ১০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনার পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁদের ৫০০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল।
এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে খাইং খাইং সোয়ে বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এর আগেও বলেছিলেন, আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ তাদের বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। তবে এই রায় মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাসরত ১৪ লাখ রোহিঙ্গার জন্য তাঁদের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথ খুব একটা সুগম করবে না। বিশেষ করে যখন ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানে গৃহযুদ্ধ চলছে।

আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণপোষণ নিয়ে হিমশিম খাওয়া বাংলাদেশের জন্য এই রায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায় হলো রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো।

বাংলাদেশের বিশাল শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গারা বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতের একটি যুগান্তকারী রায় উদযাপন করেছেন।

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছর ধরে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। মিয়ানমার সরকার, যারা এমন এক সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট, যে বাহিনীটি আন্তর্জাতিক বিচার আদালতে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের জন্য অভিযুক্ত ও নিন্দিত হয়েছে। তাদের পক্ষে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

মিয়ানমারবিষয়ক স্বতন্ত্র বিশ্লেষক সাই কি জিন সোয়ে বলেন, ‘আদালতের নির্দেশগুলোর মধ্যে তাঁদের মাতৃভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে এমনটা ঘটার সম্ভাবনা খুব কম।’ তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পরবর্তী গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেন।

রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা ‘আরাকান প্রজেক্ট’-এর পরিচালক ক্রিস লেওয়া বলেন, ‘নাগরিকত্ব, অধিকার এবং প্রকৃত নিরাপত্তা ছাড়া ফিরে যাওয়া সম্ভব নয়।’

রাখাইনের রাজধানী সিত্তুয়েতে এখনো যেসব রোহিঙ্গা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে আটকা পড়ে আছেন, তাঁদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘তাঁরা সেখানে অবরুদ্ধ, ত্রাণ পাওয়া বা চলাচলের জন্য তাঁদের সামরিক বাহিনীর ওপর নির্ভর করতে হচ্ছে এবং তাঁরা প্রতিশোধমূলক হামলার চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।’

রায়ের বিষয়ে সংশ্লিষ্ট দেশ, পক্ষ ও বিশ্বনেতাদের প্রতিক্রিয়া : ‘এ রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের দৃষ্টান্ত’—জাতিসংঘ মহাসচিব : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন ‘এ ধরনের ভয়াবহ কর্মকাণ্ডের’ জন্য অপরাধীদের দায়মুক্তি পাওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়।

তিনি উল্লেখ করেন, এই প্রথম কোনো আদালত কোনো রাষ্ট্রকে জেনোসাইড সংঘটনের জন্য দায়ী সাব্যস্ত করলেন এবং তিনি মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহবান জানান।

জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা : জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির কারণগুলো মোকাবেলা এবং দীর্ঘস্থায়ী সমাধান খোঁজার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এটি ন্যায়বিচারের বিরল মুহূর্ত—অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল : মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এই রায় ‘রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার একটি ঐতিহাসিক ও আনুষ্ঠানিক স্বীকৃতি; এটি বেঁচে যাওয়া ব্যক্তি, ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচারের এক বিরল মুহূর্ত।’

রায়ের প্রভাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র : আইসিজের রায় বা সিদ্ধান্তের প্রভাব পুরোপুরি বোঝার জন্য যুক্তরাষ্ট্র তা পর্যালোচনা করছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন। ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘গণহত্যা সনদের (জেনোসাইড কনভেনশন) সঠিক ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ; ঠিক যেমন আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) রাজনীতিকরণের হাত থেকে রক্ষা করাও জরুরি।’

রোহিঙ্গা ইস্যুকে জটিল না করার আহবান চীনের : চীন রোহিঙ্গা ইস্যুকে আরো জটিল না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মুসলিম এই জনগোষ্ঠীর ওপর জেনোসাইডের লক্ষ্যে গণহত্যা চালানোর বিষয়টি উঠে আসার গতকাল চীন এই আহবান জানায়।

মালয়েশিয়া ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাহন করবে : মালয়েশিয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে একটি সুসংগঠিত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তুরস্কে পুনর্বাসিত করবে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর থেকে রোহিঙ্গাদের নিয়ে নেওয়া সবচেয়ে বড় পুনর্বাসন উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম।

গতকাল মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করতে তুরস্ক সরকারের সম্মত হওয়াকে আমি স্বাগত জানাই। এটি দীর্ঘমেয়াদি এমন এক সমস্যার সমাধানের মালয়েশিয়ার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দীর্ঘদিন ধরে অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে আসছে।’ এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

মিয়ানমারের ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ : সাবেক নেত্রী অং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’-এর সদস্যদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ জানিয়েছে, তারা আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্ব ও রায়কে শ্রদ্ধা জানায়। তারা আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশগুলো বিবেচনায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং জবাবদিহি নিশ্চিত করা ও ভবিষ্যতে আরো নৃশংসতা রোধে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

স্বাগত জানিয়েছে গাম্বিয়া : অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা গাম্বিয়া এই রায়কে ‘গভীর সন্তুষ্টির’ সঙ্গে স্বাগত জানিয়েছে। এটিকে তারা ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করেছে।

ওআইসির প্রশংসা : এক্সে দেওয়া এক পোস্টে ওআইসি আন্তর্জাতিক আদালতের এই রায়ের প্রশংসা করেছে। তারা বলেছে, এই রায় ‘ভুক্তভোগীদের জন্য প্রতিকার নিশ্চিত করে’ এবং ‘অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি না থাকার নীতিকে সমুন্নত রাখে।’

মিয়ানমারের সুধীসমাজ সংগঠনগুলো : রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সুধীসমাজের ২১৯টি সংগঠনের একটি জোট এই রায়কে স্বাগত জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে—যেন তারা এই রায়ের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করে।

সূত্র : রয়টার্স, বিবিসি, আলজাজিরা

এসআই