গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩৮ এএম
ফাইল ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে তাঁর বাসায় গেছে পুলিশ। গতকাল বুধবার সকালে রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) পরোয়ানা নিয়ে তাঁর বাসায় হাজির হন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান। ঠিক সেই মুহূর্তে গুলশান থানার ওই পুলিশ কর্মকর্তা তাঁর বাসায় যান। তিনি মাহমুদুর রহমানকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি সেখানে এসেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে আসামি করা হয়। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছিল।

তবে মামলাটির কার্যক্রম আগেই স্থগিত করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও উচ্চ আদালতের সেই স্থগিতাদেশের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা আছে আগামী বছরের ২৭ জানুয়ারি।

এ অবস্থায় উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা একটি মামলার পুরোনো পরোয়ানা তামিল করতে মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ যে পরোয়ানাটি নিয়ে গিয়েছিল, সেটির নম্বর আর-১৬/২৬ এবং এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। ২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতারা এসব মামলা করেছিলেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দায়ের করা এসব মামলার কয়েকটিতে আদালতের রায়ও হয় এবং সাজা ভোগ করতে হয় মাহমুদুর রহমানকে। তাঁর দাবি অনুযায়ী, বিনা বিচারে তাঁকে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পরও শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল তাঁকে।

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে বিগত সময়ে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।

এসএইচ