ডিএসসিসিতে গাড়ির তেল চুরি, জড়িত ছোট থেকে বড়রা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:৩৮ পিএম

ঢাকা : দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির তেল চুরির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তেল চুরিতে চালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত।

রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে ডিএসসিসি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ির জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগর ভবনে অভিযান চালায় দুদক।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী, সরকারি গাড়িগুলো বাস্তবে ব্যবহার না হলেও নথিতে দৈনিক জ্বালানি খরচ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে।

এদিন দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আন্দোলনের কারণে নগর ভবন ৪০ দিন বন্ধ ছিল।

অথচ সেই সময় ডিএসসিসির কর্মকর্তারা অফিসে না আসলেও তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির প্রতিদিন ১৪-১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। 

পিএস