বাংলাদেশিদের ভিসা না পাওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:০৯ পিএম

বাংলাদেশিদের ভিসা না পাওয়া নিয়ে চলমান সংকটের দায় কোনো একক ব্যক্তি বা মন্ত্রণালয়ের নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার মতে, এই পরিস্থিতির জন্য দেশের সামগ্রিক ব্যবস্থা ও আচরণই দায়ী, যার নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলে পড়ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বিদেশে ভিসা না পাওয়া নিয়ে তিনি ব্যক্তিগতভাবে বা পররাষ্ট্র মন্ত্রণালয় দায় নেবেন না। এটি রাষ্ট্রীয় পর্যায়ের ব্যর্থতা, যেখানে পুরো সিস্টেমের ঘাটতি রয়েছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে নানা সুযোগ থাকলেও বাংলাদেশ নিজেদের সীমাবদ্ধতা ও অনিয়মের কারণে সেগুলো কাজে লাগাতে পারছে না। ভিসা জটিলতার জন্য অন্যদের দোষারোপ করার সুযোগ নেই, বরং এর দায় আমাদের নিজেদেরই নিতে হবে।

জালিয়াতির প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, জালিয়াতিতে আমরা আন্তর্জাতিকভাবে ‘দক্ষ’। এর ফলে বাংলাদেশি কাগজপত্রের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, যখন কাগজই বিশ্বাসযোগ্য নয়, তখন অন্য দেশ কেন আমাদের ভিসা দেবে?

ভিসা ও বিদেশে ভর্তির পুরো প্রক্রিয়া কাগজপত্রনির্ভর উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব আমাদেরই—কাগজের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করার। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কেউ গৃহকর্মীর কাজে যাওয়ার পরও কাগজে নিজেকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দেখাচ্ছেন, যা স্পষ্টতই প্রতারণার উদাহরণ।

পররাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন, যতদিন না আমরা নিজেদের ঘর গোছাতে পারছি, ততদিন এই সংকট কাটবে না। বরং পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এসব উদ্যোগ পরবর্তী সরকারের জন্য বোঝা হবে না। বরং তিনি মনে করেন, এগুলোর মাধ্যমে অনেক অমীমাংসিত ইস্যু এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যৎ সরকার আরও সহজে কাজ করতে পারে।

এম