ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শপথ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা খুব দ্রুত সম্পন্ন হবে। সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান শেষ করা হবে, এর পরে যাবে না।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি-তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, নির্বাচনের পরদিন থেকেই শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে স্পিকারের অনুপস্থিতিতে কে শপথ পাঠ করাবেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ দ্রুত এগোচ্ছে। প্রধান উপদেষ্টা টানা কাজ করছেন, তাঁর সঙ্গে পুরো টিম ও মন্ত্রিপরিষদও স্মুথ ট্রানজিশনের জন্য কাজ করছে।
প্রেস সচিব জানান, সংসদ সচিবালয়ের সঙ্গে সমন্বয় এবং বঙ্গভবনের প্রস্তুতির পুরো বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল তদারকি করছেন।
এসএইচ