বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তফশিল ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:০০ পিএম
ফাইল ছবি

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুটি নির্বাচনের তফশিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন–এর সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তবে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট বাতিল করা হয়। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষণা করা হয়।

ইসি সচিব বলেন, দুই আসনের ভোটগ্রহণ ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। গণভোটের বিষয়ে তিনি জানান, বগুড়া-৬ আসনে আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে। আর শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই, কারণ ফলাফলের ব্যবধান অনুযায়ী সেখানে নতুন করে গণভোট না হলেও কোনো সমস্যা হবে না।

ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ৫ মার্চ পর্যন্ত। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।

এসএইচ