বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।
ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। প্রয়োজন হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই নির্দেশনা সচিবালয়, হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়ি চালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীদের ওপরও প্রযোজ্য।
নির্বাচন কমিশন সতর্ক করেছে, সচিবালয়ের বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীগুলোকেও তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। এতে দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যরা অন্তর্ভুক্ত।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের ভোট স্থগিত হয়েছিল। বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়া সত্ত্বেও ঢাকা-১৭ আসনের শপথ গ্রহণের পর বগুড়া-৬ শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী শূন্য আসনে নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত করতে হয়।
এসএইচ