জুমার নামাজ শেষে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর খুনসুটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: খুব সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করতে রাজধানীর নৌবাহিনী সদরদপ্তর মসজিদের এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই একঝাঁক শিশু প্রধামন্ত্রীকে ঘিরে ধরেন।

কোনো প্রটোকল বা গাম্ভীর্য নয়, বরং শিশুদের সঙ্গে পরম মমতায় মিশে গেলেন দেশের সরকার প্রধান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নেভি হেডকোয়ার্টার মসজিদের সামনে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।

মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরে। শিশুদের চোখেমুখে তখন বিস্ময় আর আনন্দ। এরই মধ্যে একজন সাহসী হয়ে প্রশ্ন করে বসলো  ‘আংকেল, আপনি কি রোজা রেখেছেন?’ শিশুর এ নিষ্পাপ প্রশ্নে মুচকি হাসলেন প্রধানমন্ত্রী। পরম মমতায় উত্তর দিলেন ‘জ্বি, আমি সবগুলো রোজা রেখেছি।’

প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে। এক শিশু বেশ বুক ফুলিয়ে দাবি করলো সে সবগুলো রোজা রেখেছে। এ সময় পাশ থেকে বন্ধুরা একযোগে বলে উঠলো ‘না না, ও তো আজ সকালেই খেয়েছে, ও আজ রোজা নেই!’

বন্ধদের এমন সত্য প্রকাশে শিশুটি কিছুটা বিব্রত হয়ে পড়লেও তারেক রহমান হাসিমুখে তাকে কাছে টেনে নেন। মাথায় হাত বুলিয়ে আদর করে জানতে চান আসলে সে কয়টি রোজা রেখেছে। তখন শিশুটি লাজুক কণ্ঠে স্বীকার করে ‘আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।’ শিশুদের এ সরলতা আর রোজা রাখার প্রচেষ্টায় মুগ্ধ হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শিশুদের এ ধর্মীয় অনুরাগের প্রশংসা করেন। উপস্থিত প্রতিটি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন তিনি। দেশের সরকার প্রধানকে এতটা কাছে পেয়ে এবং তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পেরে শিশুদের আনন্দের সীমা ছিল না।

পিএস