পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার করেছে সরকার। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রত্যাহার করা রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রত্যাহার করা রাষ্ট্রদূতরা হলেন-পর্তুগালে এম মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে মো. নাজমুল ইসলাম।
জানা গেছে, সাবেক অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগে তাদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল। এর মধ্যে মাহফুজুল হক সাবেক সচিব এবং ময়নুল ইসলাম পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ময়নুল ইসলামকে আইজিপি করা হয়েছিল। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দিয়ে ময়নুল ইসলামকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করা হয়।
সাংবাদিক মুশফিকুল ফজল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন দমন-পীড়নের বিষয় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের ব্রিফিংয়ে তুলে ধরতেন। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়।
অন্যদিকে মো. নাজমুল ইসলাম একজন একাডেমিক। তিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগে মালদ্বীপে রাষ্ট্রদূত করা হয়েছিল।
এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পেশাদার কূটনীতিক আবিদা ইসলামকে গত বছরের জানুয়ারিতে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার করা রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের দ্রুত ঢাকায় এসে মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসএইচ