পে-স্কেলের দাবিতে এবার রাজপথে কর্মচারীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০১:০৬ পিএম
ফাইল ছবি

আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে দিশেহারা সরকারি নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা এখন ঋণের জালে জর্জরিত। মাস শেষে বেতন হাতে পাওয়ার পর ঋণ শোধ করতেই বড় অংশ শেষ হয়ে যায়, যা অবশিষ্ট থাকে তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এমন মানবিক ও সংকটময় পরিস্থিতিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নিয়ম অনুযায়ী দুটি পে-স্কেল পাওয়ার কথা থাকলেও কর্মচারীরা একটিও পাননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও বেতন না বাড়ায় সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংগঠনটি তাদের দাবি আদায়ে মে মাসজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা। সবশেষে ১৬ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তারা।

কর্মচারী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যদি সরকার ঋণ নিতে পারে, তবে যে ২২ লাখ কর্মচারী দিনরাত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছুটা ঋণ বাড়লে তাতে ক্ষতি নেই। ঋণের দায়ে জর্জরিত এই বিশাল জনগোষ্ঠী এখন আসন্ন বাজেটে আর্থিক বরাদ্দের দিকে তাকিয়ে আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আসন্ন বাজেটে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা না এলে কর্মচারীদের মধ্যে সৃষ্টি হওয়া এই ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ২২ লাখ পরিবারের মুখে হাসি ফোটাতে এবং মানবিক জীবন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ ও সদয় দৃষ্টি কামনা করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এসএইচ