ঢাকা: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার (২১ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশব্যাপী চলছে ঈদের ছুটি। এ ছুটিতে রাজধানীর খোলা জায়গা ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন নগরবাসী।
আজ রাজধানীর আগারগাঁও এলাকায় বাণিজ্য মেলার সামনের খোলা প্রাঙ্গণে চলছে ঈদ উৎসবের আয়োজন। সেখানে অস্থায়ী স্টল, খাবারের দোকান ও নানা বিনোদন কার্যক্রম ঘিরে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া শ্যামলী শিশু মেলাতে সকাল থেকেই শিশু-কিশোরদের ভিড় লক্ষ্য করা গেছে।
[267797]
চন্দ্রিমা উদ্যানে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে ভিড় করছেন অনেকে। খোলা পরিবেশ আর সবুজে ঘেরা এ স্থানে ঈদের আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা।
ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ এলাকাতেও দেখা গেছে মানুষের ঢল। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, ছবি তোলা আর ঘোরাঘুরিতে ব্যস্ত সময় পার করছেন তরুণ-তরুণীরা। এছাড়া হাতিরঝিলেও বিভিন্ন বয়সের মানুষের ভিড় দেখা গেছে।
সব মিলিয়ে ঈদের দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্পটে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে, কোথাও কোথাও ভিড় বেশি হওয়ায় ধীরগতির যান চলাচল ও সাময়িক ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকেই।
এসআই