ঢাকা: ঢাকা মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৩ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল সরিয়ে না নিলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
[267873]
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত খাবার রেস্টুরেন্ট, মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার বার্নার, হাড়িপাতিল ও গ্রিল মেশিন স্থাপন করছে। একইভাবে মোটর ওয়ার্কশপগুলো পুরোনো ও নতুন টায়ার এবং যন্ত্রপাতি ফুটপাত ও সড়কে রেখে কাজ পরিচালনা করছে। কোথাও কোথাও গাড়ি মেরামতের জন্য রাস্তার এক লেন পর্যন্ত দখল করা হচ্ছে। এছাড়া পোশাক ও আসবাবপত্রের দোকানগুলোও প্রদর্শনীর মালামাল ফুটপাতের ওপর রাখছে।
ডিএমপি জানায়, এসব কর্মকাণ্ডের কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এ অবস্থায় মহানগরীর সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জনস্বার্থে অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল ও সরঞ্জামাদি অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সামারি ট্রায়াল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ প্রশাসন।
এসআই