রাজধানীর যানজট সসম্যা এপ্রিলের মধ্যে অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা শহরে যানজট সমস্যার সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্যেমে আগামী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদি কী করতে পারি- সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর—ডিএমপি, সিটি করপোরেশনের দুই প্রশাসন, হোম মিনিস্ট্রি, রাজউক এবং বুয়েটের বিশেষজ্ঞ, অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় যারা এগুলোর সঙ্গে জড়িত, আর ডিটিসিএসহ আরও অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন।’

সভায় সিদ্ধান্তমূলক অনেক আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি কী কী বিষয়ে আমরা অ্যাড্রেস করতে পারি। এগুলো সবই রেজুলেশন আকারে পরে জানানো হবে, আমি এখানে বিস্তারিত কিছু বলতে চাই না।

তিনি বলেন, ‘তবে আশা করি ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদি যে সব পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারবো। ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারপর মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বাস্তবায়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় আমাদের এই ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে।’

পিএস