অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত: আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বাকি অধ্যাদেশগুলো নিয়েও শিগগিরই সিদ্ধান্তে পৌঁছানো হবে বলে জানান তিনি।

বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন আইনমন্ত্রী। তিনি বলেন, প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়েই কাজ শেষ হয়েছে। যেগুলো বাকি আছে, সেগুলো নিয়ে আগামী ২৯ মার্চ আলোচনা করা হবে। এরপর পুরো পর্যালোচনা শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

আইনমন্ত্রী জানান, অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সংবিধান ও ‘জুলাই সনদ’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সব সদস্য একমত হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই সনদের বাইরে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এটি সরকারের কাছে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়। তাই সংবিধান ও জুলাই সনদের আলোকে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

অধ্যাদেশগুলোর পর্যালোচনা শেষ হলে এগুলোর ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসএইচ