বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পেট্রল পাম্পে যে তেল আগে দুই দিন চলত, এখন তা দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে-এই তেল কোথায় যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে। তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তেল চুরি ঠেকাতে তাকে নিজেই পেট্রল পাম্প ও ডিপো পাহারা দিতে হচ্ছে। এরপরও চুরি হচ্ছে উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন এবং প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
এসএইচ