দীর্ঘ দুই বছরের বেশি সময় পর বিদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসাজনিত ফলোআপের অংশ হিসেবে আজ শনিবার সকালে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপের জন্য রাষ্ট্রপতি যুক্তরাজ্যে যাচ্ছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন।
সফরকালে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ মে তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন এবং ১৮ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকছেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে তার বিদেশযাত্রা দুবার স্থগিত হয়েছিল বলে বিভিন্ন সময় গণমাধ্যমে উল্লেখ করা হয়। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তিনি দেশের বাইরে যাচ্ছেন।
এম