অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদনের দায়ে দিহান ফার্মাসিউটিক্যালসকে জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় অনুমোদনহীন এক্সিপিয়েন্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদনের দায়ে দিহান ফার্মাসিউটিক্যালস (আয়ু) নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৩ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তর, র‍্যাব-১০ ও এনএসআই-এর যৌথ সমন্বয়ে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশীদ এবং প্রধান কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মাদ আলী জিন্নাহর উপস্থিতিতে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে কদমতলীর ওই কারখানায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অপরাধ পরিলক্ষিত হয়।

তদন্তকারী দল কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও লেবেলবিহীন এক্সিপিয়েন্ট (ওষুধ তৈরির কাঁচামাল) উদ্ধার করে। এ ছাড়া সেখানে লেবেল বিহীন ফিনিশড প্রোডাক্ট বা চূড়ান্ত পণ্য মজুত রাখা হয়েছিল। কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদন এবং খোলা অবস্থায় জ্বাল দেওয়া লিকুইড বা তরল উপাদান সংরক্ষণ করার প্রমাণ পান কর্মকর্তারা।

এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসএইচ