ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর মগবাজারের আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়। দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা হয়। বন্ধ কক্ষে বায়ু চলাচল কম থাকায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। শিশুদের মৃত্যুতে চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল।
হাসপাতালটিতে ৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। রোববারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় বুধবার। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার তাদের রিপোর্ট জমা দেয়। এরপর বিকেল ৪টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অনেক সময় আসামিপক্ষ সুবিধা নেওয়ার সুযোগ পায়। তবে এই ঘটনায় সেই সুযোগ থাকবে না।
মন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনকে ঘিরে কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো সুবিধা পাবে না, এই অপরাধে কোনো ছাড়ও পাবে না।
পিএস