ঢাকা: সরকার বিদ্যুতের দাম বাড়ালেও আবাসিক গ্রাহকের শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে বুধবার (৩ জুন) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যেখানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। সেই সঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।
প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার এক দিন পর বৃহস্পতিবার (৪ জুন) তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন করে পিডিবি।
অনুরোধের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। প্রস্তাবটি যেহেতু গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।
এরপর বৃহস্পতিবার বিকেল ৫টার পর এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
পিএস