ঢাকা: অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সরকারি আর্থিক সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। বছরে একবার এ সহায়তা প্রদান করা হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’-এর মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীদের এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
বাজেটে অর্থমন্ত্রী জানান, অর্থের অভাবে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। ফলে রোগী ও তাদের পরিবারকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হয়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সহায়তার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বলা হয়, দরিদ্র রোগীদের কল্যাণে পরিচালিত এ কর্মসূচি বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং স্বাস্থ্যসেবায় সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পিএস