বাজেটকে ‘সাহসী ও ব্যবসাবান্ধব’ বলল বিল্ড

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৪:১০ পিএম
ফাইল ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘সাহসী, সৃজনশীল ও ব্যবসাবান্ধব’ হিসেবে আখ্যায়িত করেছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। সংগঠনটি মনে করে, এবারের বাজেটে প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির একটি ইতিবাচক বার্তা রয়েছে। তবে এই বাজেটের প্রকৃত সাফল্য সম্পূর্ণভাবে নির্ভর করবে এর কার্যকর ও সময়োপযোগী বাস্তবায়নের ওপর।

শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম বলেন, প্রস্তাবিত বাজেটটি প্রথাগত অর্থনৈতিক চিন্তা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। এতে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, করের বোঝা কমানো এবং সরকারি সেবার অটোমেশনের মাধ্যমে ব্যবসা সহজীকরণের (ইজ অব ডুইং বিজনেস) সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

সংগঠনটির বিশ্লেষণ অনুযায়ী, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। এ ছাড়াও সামাজিক সুরক্ষা জোরদার ও আর্থিক শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব একটি চমৎকার ও ইতিবাচক উদ্যোগ। পাশাপাশি মোট উন্নয়ন ব্যয় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বড় ধরনের বরাদ্দ দেশের সামগ্রিক প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে।

উন্নয়ন ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বিল্ডের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ভ্যাট অটোমেশন, কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন এবং ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোরালো দাবি জানানো হয়েছে।

বাজেটে রপ্তানি খাতে কর হ্রাস, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট কর ব্যবস্থা চালু, ভ্যাট আপিলে জমার হার কমানো এবং সময়ের আলোচিত খাত কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির মতো সিদ্ধান্তগুলোকে অত্যন্ত ইতিবাচক ও যুগোপযোগী হিসেবে উল্লেখ করেছে বিল্ড। পাশাপাশি উদীয়মান ছোট রপ্তানিকারকদের টিকিয়ে রাখতে তাদের জন্য ব্যাংক গ্যারান্টির সুবিধা আরও বাড়ানোর বিশেষ সুপারিশ করেছে তারা।

পরিবেশবান্ধব বা গ্রিন ইকোনমি প্রসঙ্গে সংগঠনটি বলেছে, বৈদ্যুতিক যানবাহন (ইভি), চার্জিং অবকাঠামো এবং সৌরবিদ্যুৎ খাতে কর ও শুল্ক ছাড় দেওয়া পরিবেশবান্ধব অর্থনীতির জন্য একটি দারুণ ও দূরদর্শী পদক্ষেপ। তবে এই সম্ভাবনাময় খাতে নতুন নতুন উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কেবল সাময়িক কর সুবিধাই যথেষ্ট নয়; এর পাশাপাশি দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা ও টেকসই বিনিয়োগের সুযোগও নিশ্চিত করতে হবে।

সবশেষে বিল্ড বলেছে, প্রস্তাবিত বাজেটটি দেশের অর্থনীতিকে একটি নতুন ও ইতিবাচক গতিপথে নেওয়ার ক্ষেত্রে সরকারের একটি সাহসী প্রয়াস। তবে এই বাজেটের কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে হলে নীতিমালার সুচারু প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব সংস্কারগুলোকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দেওয়া জরুরি।

এসএইচ