টানা আট মাস ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গত বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এ ধরনের দীর্ঘ অনুপস্থিতি ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে বিবেচিত হয়, যা একটি গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।
উদ্ভূত এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, তিনি কর্মস্থলে ঠিক যে তারিখ থেকে অনুপস্থিত রয়েছেন, অর্থাৎ গত বছরের ৬ অক্টোবর থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়।
পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন। দেশের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এভাবে দীর্ঘদিন নিখোঁজ বা পলাতক থাকা এবং এর জেরে বরখাস্তের ঘটনাটি পুলিশ প্রশাসনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এসএইচ