উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার ও মিছিল, আরও কিছু কঠোর বিধিমালা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০১:১৫ পিএম
ফাইল ছবি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু করতে নতুন নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন এই বিধিমালার গেজেট গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

এবারের আচরণবিধিতে প্রচার-প্রচারণার সনাতন কৌশলে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি ডিজিটাল প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ আনা হয়েছে।

নতুন এই আচরণবিধির সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করা। প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা বা সেতু-কালভার্টে কোনো ধরনের প্রচারসামগ্রী ব্যবহার করা যাবে না।

পাশাপাশি তফসিল ঘোষণা থেকে ফল প্রকাশ পর্যন্ত ট্রাক, বাস, মোটরসাইকেল বা নৌযান নিয়ে কোনো মিছিল বা শোডাউন করা যাবে না। আকাশপথে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান দিয়ে প্রচারণা চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সুযোগ থাকছে। এ ক্ষেত্রে কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে, তা আগেই রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে এবং অনলাইনের খরচ নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে এআই ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ কনটেন্ট বা ভুয়া ছবি-ভিডিও বানিয়ে ব্যক্তিগত আক্রমণ বা চরিত্রহনন রোধে কঠোর বিধান রাখা হয়েছে।

এ ছাড়া ভোটারদের প্রভাবিত করতে উপহার প্রদান, উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, সরকারি গাড়ি-সম্পদ ব্যবহার এবং ভোটের দিন কেন্দ্র দর্শনে যানবাহন ভাড়া করা নিষিদ্ধ থাকবে।

বিধিমালা লঙ্ঘনে অনধিক ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা কিংবা প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। মূলত অর্থ ও পেশিশক্তির ব্যবহার কমিয়ে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই ইসির এই নতুন বিধি কাঠামোর মূল উদ্দেশ্য।

এসএইচ