অন্যদের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চায় এবং অন্য কোনো শক্তির খেলার দাবার বোর্ড হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ নিজের শর্তেই পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাথা উঁচু রেখে বাকি বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা এবং অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জনগণের স্বার্থ।’

উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষাপটের কথা উল্লেখ করে শামা ওবায়েদ জানান, অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা—এই দুই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বৈচিত্র্যকরণ ও নতুন উৎসের সন্ধান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের আমলে অনাবিষ্কৃত থাকা দেশীয় গ্যাস ও এলএনজির অনুসন্ধান ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শুরু করেছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ এবং নাগরিকদের জ্বালানি স্বয়ংসম্পূর্ণ করার ওপরও জোর দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দশ বছরের বেশি সময় ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তা অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সংবেদনশীল হলেও রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুভাবাপন্ন দেশগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এসএইচ