তিস্তা প্রকল্পে সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত

তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে গভীর আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। একই সঙ্গে বদ্বীপ রাষ্ট্র হিসেবে পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার এবং টেকসই নদী ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ডাচ সরকারের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী উল্লেখ করেন, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়িয়ে দুই বন্ধুপ্রতীম দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার এখনই উপযুক্ত সময়। বিশেষ করে পানিসম্পদ ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ক্ষেত্রে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ অসীম। এ সময় ভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের বৈশ্বিক অভিজ্ঞতার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়েও বৈঠকে আলোচনা হয় এবং এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তা চায় বাংলাদেশ। এ ছাড়া দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের রূপকল্পের প্রশংসা করেন ডাচ মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারে তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেয় বাংলাদেশ।

গণতন্ত্র ও মানবাধিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, যা থেকেই তাঁর সরকার দেশে মানবাধিকার সুরক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপক্ষীয় এই সফল আলোচনার শেষ পর্বে প্রধানমন্ত্রীকে নেদারল্যান্ডস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ডাচ মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ