প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে বসানো হবে আ্যকসেস কন্ট্রোল সিস্টেম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি সচিবালয়ে জনসমাগম বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবালয়ের ১ নম্বর ভবনসহ অন্যান্য ভবনে অনুমোদিত কর্মকর্তা-কর্মচারী ও অন্য ব্যক্তিদের প্রবেশাধিকার যাচাই ও নিয়ন্ত্রণে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যবস্থা চালুর প্রয়োজনীয় উদ্যোগ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত সকল মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়, বাংলাদেশে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগে গত ০৪ অক্টোবর অনুষ্ঠিত সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

গাড়ি ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে বিশেষ ধরনের স্টিকার প্রবর্তন করতে হবে। পার্কিং-অনুমোদিত স্টিকারযুক্ত গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি সচিবালয় প্রাঙ্গণে পার্কিং বা অবস্থান করতে পারবে না।

সচিবালয় প্রাঙ্গণে গাড়ির প্রবেশ, অবস্থান ও পার্কিং-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা কর্তব্যরত পুলিশ নিয়মিত মনিটরিং করবে এবং কোনো ব্যত্যয় পরিলক্ষিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সচিবালয়ে আগত দর্শনার্থীদের কার্যক্রম নিয়মিত মনিটরিং ও তদারকি করতে হবে। এ লক্ষ্যে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সচিবালয়ের ১ নম্বর ভবনসহ অন্যান্য ভবনে অনুমোদিত কর্মকর্তা/কর্মচারী ও অন্যান্য ব্যক্তির প্রবেশাধিকার যাচাই ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পৃথক আ্যকসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিবালয়ের ভবনভিত্তিক আ্যকসেস কন্ট্রোল সিস্টেম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে প্রতিটি ভবনে প্রবেশাধিকার যথাযথভাবে যাচাই ও নিয়ন্ত্রণ করা যায়।

সচিবালয় প্রাঙ্গণে রাতে কোনো কর্মকর্তা/কর্মচারী বা অননুমোদিত ব্যক্তি অবস্থান করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে রাত্রিকালীন অবস্থানের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

সচিবালয়ে আগত বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করতে হবে এবং তাদের পরিচয়, আগমনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা/দপ্তর ও প্রবেশ-বহির্গমনের তথ্য যথাযথভাবে নিবন্ধন ও সংরক্ষণ করতে হবে।

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাসের সংখ্যা সীমিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীগণ সর্বোচ্চ ১০ (দশ)টি, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং অন্যান্য সিনিয়র সচিব/সচিবগণ সর্বোচ্চ ৫ (পাঁচ)টি, অতিরিক্ত সচিবগণ সর্বোচ্চ ৩ (তিন)টি এবং যুগ্মসচিবগণ সর্বোচ্চ ২ (দুই)টি দর্শনার্থী পাস প্রদান করতে পারবেন। দুপুর ১২ ঘটিকার পূর্বে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

কোনো কর্মকর্তা/কর্মচারীর বদলির আদেশ কার্যকর হওয়ার ৭ (সাত) দিন পর থেকে তাঁর অনুকূলে ইস্যুকৃত স্থায়ী পাসের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে হবে।

সংসদ সদস্যগণ তাঁদের ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক সচিবালয়ে প্রবেশের অনুমতি পাবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাইপূর্বক প্রবেশের ব্যবস্থা করতে হবে।

পিএস