সৌদির বিভিন্ন কারাগারে ৭ হাজার বাংলাদেশি বন্দী: শামা ওবায়েদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরব বিভিন্ন সময় দেশটিতে কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা পাঠায়। বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে তারা সেখানে কারাভোগ করছেন। সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ওই তালিকায় ছিলেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ঘটনায় আদালতের রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। রায়ের কপি হাতে পেলে কী অভিযোগে এবং কী প্রক্রিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে, গত ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অভিযুক্ত দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিষয়টি নিয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

এদিকে, শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি জানান, শাহেদের মরদেহসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।

পিএস