ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সীমান্ত থেকে ৭.৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করেন না। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তার বাবা-মা তিনতলা একটি বাড়িতে থাকেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকেও সেখানে পাঠিয়েছেন। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
আগুন কেউ লাগিয়েছে, নাকি দুর্ঘটনাবশত লেগেছে, তা তদন্তের নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে তদন্ত করা হবে।
বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাতে তিনি বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি বলে জানা গেছে। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। ঘটনাস্থলের একটি ছবিতে শর্টসার্কিটের মতো পরিস্থিতি দেখা গেছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
তিনি আরও বলেন, ঘটনাটিতে নাশকতার কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
পিএস