জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২০ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি প্রধান জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের একটি অভিযান চলমান রয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না। পরে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।’

উল্লেখ্য, গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে অ্যাকাউন্টটি থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে এক্স অ্যাকাউন্ট হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এসএইচ