যে ভুল করে আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর ক্ষেত্রে তারেক রহমান জিয়াউর রহমানের মতো একই ভুল করতে যাচ্ছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে আসিফ মাহমুদ বলেন, জনগণ যদি সত্যিই চেতো শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফিরতে, তাহলে ১৯৭৫ সালের অভ্যুত্থানে এতজন প্রাণ দিতে হতো না। জনগণ তখনও বাকশাল চায়নি। জিয়াউর রহমানও তখন ভুল করেছিলেন, শেখ মুজিবের মেয়েকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়ে। ফলে ১৭ বছর গুম, হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

তিনি আরও বলেন, “কোন কোন রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ যে বিএনপিও ভুলে গেছে, যা তারেক রহমান পুনরায় করতে যাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এমন চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

অস্ত্র ও নিরাপত্তার বিষয়েও সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, যৌথ বাহিনী কয়েকটি স্থানে অস্ত্র উদ্ধার করেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দলের অস্ত্র মজুতের শঙ্কা রয়েছে। এটি নির্বাচনকালীন সহিংসতায় রূপ নিতে পারে। তাই যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।

তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় প্রার্থীরা ভোটারদের হুমকি দিচ্ছেন। ছোটখাটো অপরাধে এনসিপি ও কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল শোকজ বা জরিমানা হয়, কিন্তু ভোটার হুমকির বিষয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটি এক ধরনের পরিষ্কার পক্ষপাতিত্বের ইঙ্গিত দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এসএইচ