আবারও হত্যার হুমকি, থানায় জিডি করলেন আখতার হোসেন

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৩২ এএম

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আখতার হোসেন। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, তার প্রতিপক্ষ কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের অংশ হিসেবেই এ ধরনের হুমকি আসতে পারে বলে তিনি মনে করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

ঘটনার পর শনিবার রাত আনুমানিক ১১টার দিকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, সারাদেশের মতো তার নির্বাচনি এলাকাতেও শাপলা কলির নেতাকর্মীদের বিভিন্ন সময়ে প্রকাশ্যে ও গোপনে হুমকি দেওয়া হচ্ছে। তবে ভয়ভীতি দেখিয়ে তাদের রাজনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বছরের ১৭ মে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন আখতার হোসেন।

উল্লেখ্য, পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে আখতার হোসেন (শাপলা কলি) ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার (হরিণ)।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন। দুই উপজেলায় ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এম