আমাদের দুর্ভাগ্য এখনো সংস্কারের কথা বলতে হচ্ছে: নাহিদ ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন,  আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা। জাতীয় স্বার্থ কীভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করবো; হামের মতো দুর্যোগ কীভাবে মোকাবিলা করবো; জ্বালানি সংকট সমাধান নিয়ে সেমিনার করার কথা। কিন্তু আমাদের দুর্ভাগ্য গত ১৬ বছর যে সংস্কারের কথা বলতে হয়েছে। এখনও আমাদের সেসব সংস্কারের কথা বলতে হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। সেমিনারটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

নাহিদ ইসলাম বলেন, জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে, বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ। বিএনপি চেয়েছিল নির্বাচন। আমরা সংস্কারের জন্য গণপরিষদের দাবি জানিয়েছিলাম। পরে বিএনপি সংস্কারের আলোচনায় অংশ নেয়। এজন্য আমরা গণপরিষদের পরিবর্তে সংস্কার পরিষদের দাবি মেনে নিই।

বিএনপি একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে। কারণ, জুলাই সনদকে তারা নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে। এজন্য গণভোটের প্রশ্ন দেখা দেয়। কারণ, সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এজন্য গাঠনিক ক্ষমতা সংস্কার পরিষদের কথা এসেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি এসব মেনে নিয়েছে। এখন বিএনপি কথার বরখেলাপ করেছে; গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এর দায়ভার এবং পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না।

পিএস