আবারও আন্দোলনের ইঙ্গিত দিলেন জামায়াত আমির

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত

দেশে আবারও আন্দোলন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চলমান আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে নিতে হবে।

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি বাংলাদেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে একটি গল্প তুলে ধরে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেন। তার মতে, দেশের রাজনীতি ও সংসদীয় কর্মকাণ্ডে দৃশ্যমান ঘটনার আড়ালে অদৃশ্য প্রভাব কাজ করছে, যা সিদ্ধান্তে অসঙ্গতি তৈরি করছে।

সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, একই বিষয়ে ভিন্ন সময়ে ভিন্ন অবস্থান গ্রহণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। সংসদে জনগণের অধিকারের পক্ষে কথা বলাই তাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে তারা আপসহীন বলে উল্লেখ করেন তিনি।

সংসদে যোগদানের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, কোনো সুবিধা নেওয়ার জন্য তারা সেখানে যাননি; বরং জনগণের অধিকার রক্ষাই তাদের মূল লক্ষ্য। অবৈধ কোনো সুবিধা গ্রহণের প্রশ্নই ওঠে না বলেও জানান তিনি।

তিনি দাবি করেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ শ্রমজীবী মানুষ। তাদের মতে, এই আন্দোলন কেবল কোটাবিরোধী নয়, বরং বৃহত্তর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে উৎসারিত।

বর্তমান সংসদকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনা থেকেই সরকার, বিরোধী দল ও রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠেছে। এই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো ক্ষমতা ভাগাভাগির আন্দোলন নয়; বরং জনগণের রায় ও শহীদদের প্রত্যাশা বাস্তবায়নের আন্দোলন। প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকারের কথাও উল্লেখ করেন তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন সবার জন্য এবং জনগণের সমর্থনই এর মূল শক্তি। একই সঙ্গে তিনি সংসদে ব্যক্তিপূজার পরিবর্তে জনগণের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ