ঢাকা: নির্বাচনের ঠিক তিনদিন আগে নতুন এক জরিপ প্রকাশিত হয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে নির্বাচনে জাতীয়তাবাদী বাংলাদেশ দল (বিএনপি) ৭৭ শতাংশ ভোট পাবে। আর আসন পাবে ২২০টি। জরিপটি পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ নামের একটি সংগঠন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এই জরিপের তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারাও এসময় উপস্থিত ছিলেন।
নতুন এই জরিপের তথ্য বলছে, এবারের নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পাবে বিএনপি; আসন পেতে পারে ২২০টি। আর জামায়াত পেতে পারে ৫৭টি আসন।
এই জরিপ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রীধারী গবেষক অংশ নেন। জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে ৪টি করে প্রশ্ন করা হয়।
সংগঠনটি বলছে, ‘এই জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ এবং অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছে। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।’
এছাড়া গণভোট ইস্যুতে ন্যাশনালিস্ট রিসার্চ সেল জানায়, গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছে এখনও তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেবেন। আর ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা ‘না’-এর পক্ষে ভোট দেবেন।
৯৯ শতাংশ উত্তরদাতা তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছে ন্যাশনালিস্ট রিসার্চ সেল।
সংগঠনটি বলছে, ‘কোন দল কতটি আসন পাবে, এমন প্রশ্নের জবাবে যে তথ্য এসেছে তাতে বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি অন্যান্য দল ৪টি আসন পাবে।’
পিএস